মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ছোড়া একটি গুলি দীর্ঘ ৫৫ বছর ধরে শরীরে বয়ে বেড়ানোর পর অবশেষে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হয়েছে। নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মন্নাস আলী (৭৫) নামের এক বৃদ্ধের পেট থেকে এই গুলিটি বের করা হয়।
শনিবার (৪ জুলাই) দুপুরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানজিরুল ইসলাম রায়হানের নেতৃত্বে একটি মেডিকেল টিম বিনামূল্যে অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে গুলিটি বের করেন।
উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হরিয়াউন্দ গ্রামের বাসিন্দা মন্নাস আলী ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হামলার সময় প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলে পেটে গুলিবিদ্ধ হন। পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দারিদ্র্য ও অস্ত্রোপচারের ভয়ে এতদিন তিনি এর কোনো চিকিৎসা করাতে পারেননি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে স্থানীয়দের উদ্যোগে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর শরীরে গুলি থাকার বিষয়টি নিশ্চিত হয়ে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, সফলভাবে গুলিটি অপসারণ করা হয়েছে এবং মন্নাস আলী বর্তমানে সুস্থ আছেন। উদ্ধার হওয়া গুলির বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে এবং তাঁকে আরও কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে।
ডিবিসি/আরএসএল