নেত্রকোণার মদন উপজেলায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৬ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে র্যাব-১৪-এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
তিনি জানান, র্যাবের পক্ষ থেকে আসামিকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হস্তান্তর সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে। যদি আজ সময়ের মধ্যে সম্ভব না হয়, তবে আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
১১ বছরের ওই মাদরাসা ছাত্রী বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। চাঞ্চল্যকর এই মামলার মূল আসামি গ্রেপ্তারের বিষয়ে আজ দুপুর ১২টায় র্যাব-১৪-এর অধিনায়কের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
ডিবিসি/আরএসএল