আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে ‘ট্রাম্প ট্যাবলেট’ মাদক সেবনকারীদের সতর্ক করে রেড অ্যালার্ট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের আকৃতির এক্সট্যাসি পিল (মাদক) নিয়ে সেবনকারীদের জন্য 'রেড অ্যালার্ট' বা চূড়ান্ত সতর্কতা জারি করেছে নেদারল্যান্ডসের একটি মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

ইউট্রেখট-ভিত্তিক ট্রিম্বোস ইনস্টিটিউট জানিয়েছে, আগস্ট মাসে টেস্টিং সেন্টারগুলোতে আসা বেশ কয়েকটি পিলে পিএমএমএ (PMMA) নামক রাসায়নিকের অত্যন্ত উচ্চমাত্রা পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি যেকোনো পরিস্থিতিতে এই পিল ব্যবহার না করার বিষয়ে সতর্ক করে জানিয়েছে, এর ফলে শরীরের তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।

 

সতর্কবার্তার সাথে প্রকাশ করা ছবিগুলোতে দেখা যায়, পিলের একপাশে ট্রাম্পের মুখাবয়ব এবং অন্যপাশে 'Trump' ও 'NL' লেখা রয়েছে। স্বাস্থ্য ইনস্টিটিউটটি জানায়, সাধারণ এক্সট্যাসির মূল উপাদান এমডিএমএ-এর (MDMA) মতোই পিএমএমএ কাজ করলেও, এর প্রভাব দেরিতে শুরু হয় এবং এতে স্বাভাবিক উদ্দীপক প্রভাব থাকে না। 

 

ফলে ব্যবহারকারীদের মধ্যে ওভারডোজ বা অতিরিক্ত মাত্রা গ্রহণের ঝুঁকি বাড়ে। এটি সেবনের কয়েক ঘণ্টা পর বমি বমি ভাব, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং খিঁচুনির মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে ট্রিম্বোস ইনস্টিটিউটের মুখপাত্র অ্যানিক গ্রুথুইস জানিয়েছেন, এখন পর্যন্ত এটি সেবনে কারও মৃত্যু বা গুরুতর অসুস্থ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

 

নেদারল্যান্ডসে এক্সট্যাসি উৎপাদন, বিক্রি ও ব্যবহার বেআইনি হলেও দেশটিতে 'পার্টি ড্রাগ' হিসেবে এটি বেশ জনপ্রিয়। ২০২৪ সালের একটি সরকারি প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে অন্তত ৫ লাখ ৫০ হাজার মানুষ অন্তত একবার এই মাদক গ্রহণ করেছেন। তবে ট্রাম্পের মুখের আকৃতির এক্সট্যাসি পিল পাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে জার্মান পুলিশ গাজর-রঙের প্রায় ৫ হাজার এমন ট্যাবলেট জব্দ করেছিল, যা ইন্টারনেটে 'ট্রাম্প মেকস পার্টিং গ্রেট এগেইন' স্লোগানে প্রচার করা হচ্ছিল বলে ধারণা করা হয়।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন