গত ২৬ আগস্ট নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় হাজারো মানুষের মতো নিজের বাড়ি ও ব্যবসা হারিয়েছেন ৭১ বছর বয়সী গোবিন্দ প্রসাদ দাহাল।
তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলার ভোতে কোশি নদীতে নেমে আসা এই ঢলে কয়েক মুহূর্তের মধ্যেই তার সারাজীবনের অর্জন ধ্বংসস্তূপে পরিণত হয়। জীবন বাঁচাতে ছেলে কেদার দাহালের সঙ্গে নুয়াকোটের দেবীঘাট থেকে ছুটে পালিয়েছিলেন তিনি। এখন পরনের কাপড় ও একজোড়া চটি ছাড়া তার আর কিছুই অবশিষ্ট নেই। প্রায় ১০ কোটি নেপালি রুপি মূল্যের ব্যবসা হারিয়ে এই বৃদ্ধ এখন কেবল বিশাল ঋণের বোঝায় জর্জরিত।
গোবিন্দ প্রসাদের মতো আরও হাজারো মানুষ নেপালের এই ভয়াবহ বন্যায় সর্বস্বান্ত হয়েছেন। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এই বিপর্যয়ে এখন পর্যন্ত ৫৭৯ জনের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ রয়েছেন আরও ১ হাজার ৯২৪ জন।
পুলিশের তথ্যমতে, চিতওয়ান জেলা থেকে সবচেয়ে বেশি ২৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নাওয়ালপারাসি পূর্ব থেকে ১৫৪, গোর্খা থেকে ৪৬, ধাদিং থেকে ৪০, নুয়াকোট থেকে ৩৭, তানাহু থেকে ৩০, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ২৭ এবং রাসুয়া থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৪ হাজার ৪৫১ জনকে নিরাপদে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
ডিবিসি/আরএসএল