ভারতের উত্তরপ্রদেশের কুশিনগরে নেপালের ভয়াবহ বন্যার্তদের সাহায্যার্থে নিজের জমানো টাকার ব্যাংক (পিগি ব্যাংক) দান করে প্রশংসায় ভাসছে ১০ বছর বয়সী এক শিশু।
আলফাজ শেখ নামের তৃতীয় শ্রেণির ওই ছাত্র জেলা ম্যাজিস্ট্রেট মহেন্দ্র সিং তানওয়ারের হাতে তার জমানো টাকার ব্যাংকটি তুলে দেয়। গত এক বছর ধরে জমানো এই অর্থ দান করার বিষয়ে আলফাজ জানায়, ইউটিউবে নেপালের বন্যার ভয়াবহতা এবং মানুষের বাড়িঘর হারানোর দৃশ্য দেখে সে তাদের কষ্ট সহ্য করতে পারেনি। এরপর সে তার দাদাকে বিষয়টি জানায় এবং নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির এই সহমর্মিতার ব্যাপক প্রশংসা করা হচ্ছে।
গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্তে আঘাত হানা ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৮৪ জনের প্রাণহানি ঘটেছে এবং দুই দেশে নিখোঁজ রয়েছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। ভোটকোদশী নদীর এই আকস্মিক বন্যায় পাহাড়ি জেলাগুলোর রাস্তাঘাট, সেতু ও জলবিদ্যুৎ বাঁধ ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। এছাড়া ত্রিশূলী নদীর অববাহিকায় থাকা নুয়াকোট ও ধাদিংসহ নিম্নাঞ্চলগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে যোগাযোগ, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে।
বন্যা উপদ্রুত বিচ্ছিন্ন এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছাতে নেপাল সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে জাতিসংঘ। এদিকে, ভয়াবহ এই বন্যায় প্রাণ হারানো মানুষের স্মরণে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) নেপালে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি অফিস এবং বিদেশে অবস্থিত নেপালি দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসভিএন