নেপালের ধাদিং জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলার গাজুরি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশুলি নদীতে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
আর্মড পুলিশ ফোর্সের মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা সংবাদমাধ্যমকে জানান, ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি পর্যটন নগরী পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে পৃথ্বী হাইওয়ে দিয়ে চলার সময় বাসটি রাস্তা থেকে ছিটকে নদীতে উল্টে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে নেপাল সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স এবং নিয়মিত পুলিশের একটি যৌথ দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা নদী এবং দুমড়ে-মুচড়ে যাওয়া বাস থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করেছেন। এ ছাড়া ২৮ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের একজন পুরুষ নাগরিক রয়েছেন। এ ছাড়া আহতদের মধ্যে নেদারল্যান্ডস ও জাপানের দুইজন নারী পর্যটক রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা বাসটির অতিরিক্ত গতি এই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/টিবিএ