নেপালের উত্তরাঞ্চলীয় জেলা রাসুয়ায় ভয়াবহ বন্যার ধ্বংসযজ্ঞের মাঝে একটি ৪৫ দিন (দেড় মাস) বয়সী শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর দুর্যোগকবলিত এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে রাসুয়া ধাঙ্গে ত্রাণ শিবিরে নিয়ে যান উদ্ধারকর্মীরা। চারদিকে ব্যাপক ক্ষয়ক্ষতি ও শোকের মাঝে ছোট্ট এই নবজাতকের নিরাপদে ফিরে আসার খবরটি সবার মনে কিছুটা স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
রাসুয়ায় আকস্মিক বন্যায় রাস্তাঘাট ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধারকর্মীরা আটকে পড়া মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ধারকর্মীদের কোলে থাকা শিশুটির ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা দুর্যোগের সময় সাধারণ মানুষের অসহায়ত্বের চিত্র তুলে ধরেছে। এত বড় একটি মানবিক বিপর্যয়ের মধ্যে একটিমাত্র প্রাণ বাঁচানোর এই ঘটনাটি প্রমাণ করে যে, দুর্যোগের সময় উদ্ধারকর্মীদের প্রতিটি প্রচেষ্টাই কতটা তাৎপর্যপূর্ণ।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
ডিবিসি/ এসভিএন