আন্তর্জাতিক

নেপালে মর্গে জায়গা নেই, সংক্রমণের ভয়ে দাফন করা হচ্ছে বেওয়ারিশ লাশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর উদ্ধার হওয়া অজ্ঞাত ও দাবিহীন মরদেহ দাফনের প্রক্রিয়া শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। হাসপাতাল ও অস্থায়ী মর্গগুলোতে জায়গার তীব্র সংকট এবং মরদেহ পচে সম্ভাব্য সংক্রমণের ঝুঁকির কারণেই এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জল ও কাদার প্রবল স্রোতে বিপর্যস্ত নেপালের গ্রাম ও শহরগুলো থেকে এখন পর্যন্ত অন্তত ৬৭৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ভারত সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় চিতওয়ান জেলা থেকেই সর্বাধিক ২৩৩টি মরদেহ উদ্ধার করা হয়। বিপুলসংখ্যক এই মরদেহ সংরক্ষণের মতো পর্যাপ্ত অবকাঠামো না থাকায় চরম সংকটে পড়েছে হাসপাতালগুলো।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অস্থায়ী ব্যবস্থায় দীর্ঘসময় মরদেহ রাখলে পচন ও দুর্গন্ধ বাড়তে পারে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। একটি বাড়িকে অস্থায়ী শীতলীকরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হলেও, সেখানে জায়গা শেষ হয়ে যাওয়ায় দাফন ছাড়া আর কোনো বিকল্প ছিল না কর্তৃপক্ষের কাছে।


দাবিহীন মরদেহ দাফন করা হলেও ভবিষ্যতে স্বজনদের কাছে তা হস্তান্তরের সুযোগ রাখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিটি মরদেহ দাফনের আগে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এরই মধ্যে শতাধিক মরদেহের ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন হয়েছে। প্রতিটি মরদেহকে একটি রেফারেন্স নম্বর দিয়ে নম্বরসংবলিত ব্যাগে রাখা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজনে উত্তোলনের সুবিধার্থে কবরগুলো প্রায় দেড় মিটার গভীর করে খোঁড়া হচ্ছে এবং দুটি কবরের মাঝে ৪০ সেন্টিমিটার দূরত্ব রাখা হচ্ছে। প্রতিটি সমাধিস্থলে কংক্রিটের প্ল্যাটফর্ম ও সাইনবোর্ড তৈরি করা হচ্ছে, যেখানে মরদেহের নির্দিষ্ট শনাক্তকরণ নম্বর উল্লেখ থাকছে।

 

কর্মকর্তাদের তথ্যমতে, এই ভয়াবহ দুর্যোগের পর নেপালে এখনও কয়েকশ বিদেশি নাগরিকসহ অন্তত ২,৪২৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের স্বজনেরা দেশের বিভিন্ন হাসপাতালে নিজেদের ডিএনএ নমুনা দিতে পারবেন। পরীক্ষার ফল মেলার পর তা উদ্ধার করা মরদেহের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখা হবে। পরিচয় নিশ্চিত হলে পুলিশ নির্দিষ্ট কবর থেকে মরদেহটি উত্তোলন করে স্বজনদের কাছে হস্তান্তর করবে।

 

এছাড়া, সম্ভাব্য পরিচয় শনাক্তের সুবিধার্থে অজ্ঞাত মরদেহগুলোর বিস্তারিত তথ্য একটি ওয়েবসাইটেও প্রকাশ করেছে নেপাল পুলিশ। উদ্ধারকাজ অব্যাহত থাকায় মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন