আসন্ন দুটি আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে ঢাকায় এসে পৌঁছেছেন লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরী। নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে তিনি সোমবার (১০ই নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় অবতরণ করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজাকে বহনকারী বিমানটি পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ (সবুজ)।
আগামী ১৮ই নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে, আগামী বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এই দুটি ম্যাচেই খেলার কথা রয়েছে হামজা চৌধুরীর।
এদিকে, জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ চলায় জাতীয় ফুটবল দলের অনুশীলন বর্তমানে বসুন্ধরা কিংস অ্যারেনায় চলছে। হামজা সেখানেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।
জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান জানিয়েছেন, আরেক প্রবাসী তারকা ফুটবলার সমিত সোম ১১ তারিখ রাত ১২টার দিকে ঢাকায় পৌঁছাবেন। তবে, নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজা ও সমিত খেলবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের কোচ।
উল্লেখ্য, গত ১৪ই অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের আশা শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের দুটিতে ড্র এবং দুটিতে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের বিপক্ষে এ মাসের ম্যাচটি হবে বাংলাদেশের পঞ্চম বাছাই ম্যাচ।
ডিবিসি/এনএসএফ