ভয়াবহ বন্যায় শত শত মানুষের প্রাণহানির কয়েক দিনের মধ্যেই নেপাল-চীন সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে নতুন করে হিমবাহ ধস ও আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, সাম্প্রতিক হিমবাহ ধসে সৃষ্ট একটি পাহাড়ি গর্তের প্রায় আড়াই কিলোমিটার ভাটিতে কয়েকটি স্থানে জমে থাকা পানি উপচে পড়ছে। এতে আশপাশের হিমবাহ আরও ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
গত বুধবার ওই হিমবাহ ধসের পর সৃষ্ট প্রবল পানির ঢলেই ভয়াবহ বন্যা দেখা দেয়। একই এলাকার আরেকটি নদীতেও ভূমিধসের কারণে বিভিন্ন আকারের একাধিক প্রাকৃতিক বাঁধ তৈরি হয়েছে। এসব বাঁধের দুই পাশ দিয়ে পানি উপচে পড়ছে।
চীনা কর্তৃপক্ষের আশঙ্কা, ভূমিধসে তৈরি এসব বাঁধ ধসে পড়লে নতুন করে ‘ল্যান্ডস্লাইড-ড্যামড লেক’ বা ভূমিধসের ধ্বংসাবশেষে আটকে থাকা জলাধার সৃষ্টি হতে পারে। পরে এসব জলাধার ভেঙে গেলে হঠাৎ বড় ধরনের পানির ঢল নামার ঝুঁকি রয়েছে।
নেপাল ও চীনের জরুরি উদ্ধারকারী দলগুলো ইতোমধ্যে ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজে বাধার মুখে পড়েছে। নতুন নতুন জলাধার ও ভূমিধসের ঝুঁকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এর আগে রবিবার সীমান্তবর্তী এলাকায় কাজ করা একটি বিশেষজ্ঞ দল কয়েকটি স্থানকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ ভূতাত্ত্বিক দুর্যোগ এলাকা’ হিসেবে চিহ্নিত করে সতর্কতা জারি করে। গত সপ্তাহেও নতুন জলাধার সৃষ্টি হওয়ায় কয়েকটি এলাকায় জরুরি উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।
সূত্র: সিএনএন
ডিবিসি/এসএফএল