নেপালের রাসুয়া জেলায় ভোট কোশি নদীতে হঠাৎ বিধ্বংসী বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। বাগমতী প্রদেশ পুলিশ অফিস সূত্রে জানা গেছে, হেতাউডা থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে এই হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।
উৎসস্থল রসুয়া সীমান্ত এলাকা থেকে শুরু হওয়া পানির তীব্র স্রোত মুহূর্তেই নিচের দিকে নেমে আসে। এর ফলে রসুয়া, নওয়াকোট, ধাদিং এবং চিতওয়ানসহ একাধিক জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, বন্যায় ৩১ জনের প্রাণহানির পাশাপাশি অন্তত ৯৩ জন আহত হয়েছেন। প্লাবিত জনপদ ও নদীর তীরবর্তী বিপদাপন্ন এলাকা থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
পরিস্থিতি মোকাবেলায় নেপালি সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং নেপাল পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এখন পর্যন্ত ৯৩ জন আটকেপড়া মানুষকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
বর্তমানে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে পুরো প্রদেশ জুড়ে জোরেশোরে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মীরা।
ডিবিসি/এসডব্লিউএন