নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। পথিমধ্যে প্রকল্প বাজার এলাকায় এ হামলায় এমপির সফরসঙ্গী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হন, যাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির যুবশক্তির হাতিয়া উপজেলা আহ্বায়ক মো. ইউসুফ অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই এ হামলা চালানো হয়েছে। তিনি আরও দাবি করেন, নির্বাচন-পরবর্তী সময়ে তাদের প্রায় ২০ নেতাকর্মীর বাড়িঘরে অগ্নিসংযোগ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে হামলার ঘটনায় সরাসরি অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
হামলার পরবর্তী সময়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষিপ্তভাবে বিএনপির কয়েকটি কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/এএমটি