নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফখরুল ইসলাম মন্জু ওরফে বলি নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল কিশোর গ্যাং সদস্যের বিরুদ্ধে। নিহত ওই যুবকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং পুলিশের খাতায় তিনি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত।
উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই নৃশংস ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার সকালে বোনের বাসা থেকে নিজের বাড়িতে ফেরার পথে ১৫ থেকে ২০ জন কিশোর গ্যাং সদস্য মন্জুর পথরোধ করে। এ সময় তারা তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে বলিকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, নিহত যুবক একাধিক মামলার আসামি এবং তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডিবিসি/পিআরএএন