জেলার সংবাদ

নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন, নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

 

আহত নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ তাঁরা একটি বিয়ের গায়েহলুদের অনুষ্ঠানে ভিডিও ধারণ করতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাঁদের মোটরসাইকেল লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তাঁরা মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান এবং তাঁদের সঙ্গে থাকা পাঁচজনের মাথা, হাত ও পিঠে গুলি লাগে। শান্ত দাবি করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে তিনি চিনতে পেরেছেন। ঘটনার সময় পিচ্চি রিয়াদ তাঁকে ‘জামায়াত-শিবির’ আখ্যা দিয়ে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকিও দেয়।

 

স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, মূলত হারুন ও রায়হানের মধ্যকার পূর্ববিরোধের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। হারুন ও তার লোকজন প্রতিপক্ষ রায়হানের লোক ভেবেই ভুল করে গায়েহলুদের যাত্রীদের ওপর এই হামলা চালায়। এ অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত হারুন ও পিচ্চি রিয়াদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে গুলি করা হলে তিনজন ছররা গুলিতে আহত হয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন