বাংলাদেশ, জেলার সংবাদ

নোয়াখালীতে ছোট বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা কোম্পানীগঞ্জ উপজেলার গাংচিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা বাবা-মায়ের সাথে সুবর্ণচরে নানার বাড়িতে থাকত।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদরাসা বন্ধ থাকায় রোববার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি খামারের পুকুরে গোসল করতে যায় দুই বোন। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানাও এগিয়ে যায়। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে প্রথমে পুকুর থেকে এক বোনের মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে জাল ফেলে অপর বোনের মরদেহও উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, নিহতের স্বজনেরা থানায় যোগাযোগ করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন