বাংলাদেশ, জেলার সংবাদ

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে আগুন

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪৫ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন রাকিব (২৩) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই হত্যাকাণ্ডের জেরে রবিবার (৩১ মে) সকাল থেকে সন্দেহভাজন হামলাকারীদের অন্তত পাঁচটি ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিহতের ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী।

নিহত রাকিব শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজী বাড়ির সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। তিনি ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের এক ভাতিজার সঙ্গে স্থানীয় এক দোকানদারের বাগবিতণ্ডা হয়। শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষ জড়ো হয়। সেখানে উপস্থিত লোকজনের কথায় রাকিব ছোট ভাই রিমনকে নিয়ে বাড়ির দিকে রওনা হন। 

 

পথে একটি অন্ধকার স্থানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের পথরোধ করে লোহার রড দিয়ে রাকিবের মাথা ও শরীরে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় ভাইকে বাঁচাতে গেলে ছোট ভাই রিমনকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা রাকিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তেজিত লোকজন সন্দেহভাজনদের বাড়িতে এই হামলা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং দুপুর ১২টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, ক্ষুব্ধ লোকজনের দেওয়া আগুনে সন্দেহভাজনদের দুটি ঘর পুরোপুরি পুড়ে গেছে এবং আরও তিনটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। রাকিব হত্যাকাণ্ড এবং পরবর্তী হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন