নোয়াখালীর মাইজদীতে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রিংকি আক্তার (২২) নামের এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (২৯শে নভেম্বর) সকালে নিহতের ভাই মো. আলা উদ্দিন বাদী হয়ে সুধারাম মডেল থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নিহতের পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫শে নভেম্বর ওই হাসপাতালের চিকিৎসক ডা. মো. মুজিবুল হক রিংকির অস্ত্রোপচার করেন এবং এর পরপরই দ্রুত ছাড়পত্র দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেন। বাড়িতে নেওয়ার পর রিংকির তলপেটে তীব্র ব্যথা ও অতিরিক্ত রক্তপাত শুরু হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে চিকিৎসককে জানানো হলেও তিনি তাতে গুরুত্ব দেননি।
অভিযোগে আরও বলা হয়, রোগীর অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে পুনরায় হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণের মধ্যেই রিংকির মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি জানাতে গেলে চিকিৎসক ও তার সহযোগীরা উল্টো নিহতের পরিবারকে লাঞ্ছিত করে হাসপাতাল থেকে বের করে দেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত চিকিৎসক হাসপাতালে অনুপস্থিত থাকায় এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ডিবিসি/এসএফএল