নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি মুদি দোকান থেকে ৩ হাজার লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট মুদি দোকানদারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর আজিমের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মো. আলাউদ্দিন (৪৬) উপজেলার চানন্দী ইউনিয়নের আজিমনগর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলেরচর আজিমের ঘাট এলাকার মুদি দোকানদার আলাউদ্দিন দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়াই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করে আসছিলেন। এতে চলমান জ্বালানি সংকটের মধ্যে স্থানীয় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন। জেলা এনএসআই-এর (জাতীয় গোয়েন্দা সংস্থা) দেওয়া তথ্যের ভিত্তিতে থানারহাট পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে দোকান থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, জব্দকৃত ডিজেল বর্তমানে থানারহাট পুলিশ ফাঁড়িতে জমা রাখা হয়েছে। এ ঘটনায় আটক দোকানদারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
ডিবিসি/এসএফএল