নোয়াখালীতে আওয়ামী লীগের একদল নেতা-কর্মী মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের তালা ভেঙে খুলে দেওয়ার পর পুনরায় তালা দিয়েছে জেলা বিএনপির নেতাকর্মীরা। এরপর এ ঘটনায় জড়িত অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।
এরা হচ্ছেন- সফিকুল ইসলাম, কাউছার, জিয়াউল, আবু সাইদ ও বিদ্যুৎ রঞ্জন পাল। তবে তাদের দলীয় পদ-পদবির বিষয়ে কিছু এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানায়, বুধবার ভোরে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে গিয়ে এ তালা ভেঙে কার্যালয়ের ভিতরে প্রবেশ করে। তালা খোলার পর তারা স্লোগান দিয়ে সেখানে একটি ব্যানার লাগিয়ে চলে যায়।
নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাছিনা চৌধুরীর তত্ত্বাবধানে পৌর মহিলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে ব্যানারটি মূল ফটকে লাগানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে । ব্যানারে লেখা ছিল "দীর্ঘ আঠারো মাস পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় আজ থেকে অবমুক্ত করা হলো"
এ বিষয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাছিনা চৌধুরীর সংগে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।