আদালতকে হয়রানির জায়গা নয়, বরং ন্যায়বিচার পাওয়ার নিরাপদ স্থল হিসেবে মানুষের মনে বিশ্বাস প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়ায় দেশের প্রথম ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থাপনা বা ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিচারব্যবস্থার ওপর মানুষের এই আস্থাটুকু নিশ্চিত করা গেলে সমাজ থেকে মব ভায়োলেন্স বা গণপিটুনির মতো ঘটনা দূর করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ রাজনৈতিক দিশা নিয়েও কথা বলেন। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিয়ে নতুন করে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, তা নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
এর আগে সকালে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এদিন প্রধানমন্ত্রী বগুড়া জেলা আইনজীবী সমিতির একটি নবনির্মিত বহুতল ভবনও উদ্বোধন করেন। পরবর্তীতে আদালতের কনফারেন্স রুমে আয়োজিত এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশের বিচারব্যবস্থায় আধুনিকায়নের অংশ হিসেবে প্রথমবারের মতো ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের সূচনা করেন তিনি।
ডিবিসি/পিআরএএন