বাংলাদেশ, জেলার সংবাদ

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নড়াইল সদরের বাহিরগ্রামে খালাবাড়ি বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় স্বামীর বটির কোপে খাদিজা আক্তার চাঁদনী (২০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী সাকিব শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত চাঁদনী খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে এবং অভিযুক্ত সাকিব একই উপজেলার দামোদর মধ্যপাড়ার জাহিদ শেখের ছেলে। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয় এবং দাম্পত্য জীবনে তাদের সাড়ে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) স্বামী সাকিবকে নিয়ে নড়াইলের বাহিরগ্রামে খালাবাড়ি বেড়াতে আসেন চাঁদনী। সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত স্ত্রী চাঁদনীকে বটি দিয়ে বুকে কুপিয়ে হত্যা করে সাকিব। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, অভিযুক্ত সাকিব প্রাথমিকভাবে দাবি করেছিল যে তার স্ত্রী বটির ওপর পড়ে গিয়ে মারা গেছেন এবং ঘটনাটিকে সে 'দুর্ঘটনা' বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তবে ঘটনাস্থলের আলামত এবং সাকিবের এলোমেলো কথাবার্তার পর তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে সে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে।

 

অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে যায়। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত বটিসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে এবং জড়িত থাকার অভিযোগে স্বামী সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন