বাংলাদেশ, জেলার সংবাদ

নড়াইলে জামায়াত নেতা ইউপি চেয়ারম্যানের ওপর বিএনপির হামলার অভিযোগ

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে ঢুকে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর টিম সদস্য আবুল কালাম আজাদ পাখিকে (৭২) কিল-ঘুষি মেরে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। আহত চেয়ারম্যানকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করছিলেন। 

 

এ সময় পরিষদের সামনে কিছু লোকজনকে জ্বালানি কাঠ রাখতে দেখে তিনি বাইরে এসে কারণ জানতে চান। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের খাবার রান্নার জন্য এই কাঠ রাখা হচ্ছে। এ কথা শুনে তিনি পুনরায় তার কার্যালয়ে গিয়ে বসেন। 

 

এর কিছুক্ষণ পর নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আছাদুজ্জামানসহ তার অনুসারীরা এসে অতর্কিতভাবে তার ওপর হামলা চালান এবং কিল-ঘুষি মারতে থাকেন। এতে তার চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আছাদুজ্জামান মারধরের সরাসরি দায় অস্বীকার করে জানান, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান করার জন্য স্থানীয় নেতাকর্মীরা পরিষদের সামনে কাঠ রাখছিলেন। 

 

পাখি চেয়ারম্যানকে 'ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি' দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ নেতা হওয়ায় তিনি শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান করতে দিতে চাচ্ছিলেন না এবং কাঠ রাখতে বাধা দেন। এই কারণে সেখানে উপস্থিত উত্তেজিত সাধারণ লোকজন তাকে মারধর করেছে বলে তিনি শুনেছেন।

 

তবে আছাদুজ্জামানের এই দাবি নাকচ করে দিয়েছেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন। তিনি স্পষ্ট করেছেন যে, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি গত বছরের ৫ আগস্টের পূর্বেই জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় হন এবং বর্তমানে তিনি নলদী ইউনিয়ন জামায়াতের টিম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কোনোভাবেই আওয়ামী লীগের সভাপতি নন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন