কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) আমেনা হাসান বিপাশা (৩২)। তিনি দীপ্ত টিভি ও আজকের পত্রিকার সাবেক নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক তানভীর আহমেদ রুবেলের স্ত্রী।
আজ বুধবার (১০ জুন) সকালে লোহাগড়া উপজেলা সদরের লক্ষীপাশার বাসা থেকে একটি ভ্যানযোগে কর্মস্থলে যাচ্ছিলেন বিপাশা। পথিমধ্যে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের কালনাঘাট এলাকায় মধুমতি ইটভাটার সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় বিপাশাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে স্থানান্তর করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত বিপাশা ও সাংবাদিক রুবেল দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকচাপায় আমেনা হাসান বিপাশা নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটিকে এখনও জব্দ করা সম্ভব না হলেও এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিবিসি/টিবিএ