নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ৭টি বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল এবং রবিবার সকালে দুই দফায় এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সাইফুল ফরাজী ও রুহুল ফরাজীর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, রুহুল ফরাজীর লোকজন হামলা চালিয়ে প্রতিপক্ষের হায়দার ও সোহাগসহ ৭ জনের বাড়িঘর ও দোকান ভাঙচুর করেছে। শনিবার বিকেলের হামলায় সাইফুল ফরাজীর গ্রুপের অন্তত ৭ জন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুনরায় হামলার ভয়ে সাইফুল ফরাজীর গ্রুপের পুরুষ সদস্যরা বর্তমানে বাড়িঘর ছেড়ে আশেপাশের গ্রামে আশ্রয় নিয়েছেন।
তবে হামলার এই অভিযোগ অস্বীকার করে রুহুল ফরাজী ও তার পরিবারের সদস্যরা দাবি করেছেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনই উল্টো তাদের ওপর হামলা চালিয়েছে এবং এতে তাদের ৫ জন আহত হয়েছেন।
সার্বিক বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিবিসি/আরএসএল