বাংলাদেশ, জেলার সংবাদ

নড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজার হত্যা: অভিযুক্ত ট্রাক চালক যশোর থেকে গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নড়াইলে ডিজেল না পেয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত চালককে যশোর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার (২৯ মার্চ) দুপুরে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

নিহত নাহিদ সরদার (৩৩) নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। তিনি নড়াইল-যশোর মহাসড়ক সংলগ্ন মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে অভিযুক্ত ট্রাকচালক সুজাত মোল্যা ও তার সহযোগী জহুর ওই পাম্পে ডিজেল নিতে আসেন। নড়াইলে চলমান জ্বালানি সংকটের কারণে পাম্পে মজুত শেষ হয়ে যাওয়ায় নাহিদ তেল দিতে অপরাগতা প্রকাশ করেন। এ নিয়ে চালক ও সহযোগীর সঙ্গে নাহিদের তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দিয়ে তারা সেখান থেকে চলে যান।


রাত ২টার দিকে ডিউটি শেষ করে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোল্যা (২৭) মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফিলিং স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয় এবং মোটরসাইকেলের ওপর দিয়ে চাকা চালিয়ে দিয়ে পালিয়ে যায়।


ট্রাকচাপায় ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদ মোল্যাকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


ঘটনার পর থেকেই অভিযুক্তরা ট্রাকসহ আত্মগোপনে চলে যায়। তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র‍্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প) এর একটি দল আজ যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্ত চালক সুজাত মোল্যাকে আটক করতে সক্ষম হয়।


র‍্যাব সূত্রে জানা যায়, এই গ্রেপ্তার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য নিয়ে আজ রবিবার সন্ধ্যা ৬টায় র‍্যাব-৬ এর যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন