বাংলাদেশ, জেলার সংবাদ

নড়াইলে ফুটবল খেলার বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফুটবল খেলাকে কেন্দ্র করে নড়াইল মোস্তফা কাজী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হওয়ান সংবাদ পাওয়া গেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, সদরের ভদ্রবিলা ইউনিয়নের পলইডাঙ্গা ও মহারগ গ্রামের তরুণদের মধ্যকার খেলা নিয়ে বিরোধ মীমাংসা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হয়েছেন। প্রতিপক্ষ ভদ্রবিলা গ্রামের লোকজন তাকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 


নিহতের পুত্রবধূ কাকলী খানমসহ পরিবারের সদস্যরা জানান, চারদিন আগে স্থানীয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে পলইডাঙ্গা-মহারগ এবং ভদ্রবিলা গ্রামের তরুণ ও যুবকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধ মীমাংসার লক্ষ্যে শুক্রবার বিকেলে দুই গ্রামের বাসিন্দাদের একটি সালিশি বৈঠকে বসার কথা ছিল।


পারিবারিক সূত্রে জানা যায়, বৈঠকের উদ্দেশ্যে মোস্তফা কাজী বাড়ি থেকে পলইডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহারগ এলাকায় রাস্তার পাশের একটি কলাবাগানে ওত পেতে থাকা ভদ্রবিলা গ্রামের একদল যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা মোস্তফা কাজীকে একা পেয়ে পায়ে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে এবং হাতুড়িপেটা করে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পুত্রবধূ কাকলীসহ নিহতের স্বজনরা।


নিহতের স্বজন মনসুর আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ফুটবল খেলার বিরোধ মীমাংসা করতে এসে খুন হলেন মোস্তফা কাজী। তাকে একা পেয়ে ভদ্রবিলা গ্রামের লোকজন নির্মমভাবে হত্যা করল। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের বিচার দাবি করছি।


নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ আকবার জানান, হাসপাতালে আনার আগেই মোস্তফা কাজী নামের ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের কোপ ও আঘাতের গুরুতর চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই জড়িতদের আটকে পুলিশি অভিযান চলছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন