বাংলাদেশ, জেলার সংবাদ

নড়াইলে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১২

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গা গ্রামে মসজিদ ও কবরস্থানের কমিটি গঠন এবং মুষ্টিচাল উঠানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২২ মে) সকাল ৮টার দিকে গ্রামের ব্যবসায়ীপাড়ায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীরা জানান, সিঙ্গা গ্রামের ব্যবসায়ীপাড়া জামে মসজিদ ও কবরস্থানের কমিটি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে একটি পক্ষের একক নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে। তাদের ইচ্ছায় মাত্র এক বছরেই পাঁচবার মসজিদের ইমাম পরিবর্তন করা হয়েছে। 

 

এই পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন এবং গ্রামের সামর্থ্যবান প্রতিটি বাড়ি থেকে নিয়মিত মুষ্টিচাল (ইমাম-মুয়াজ্জিনের বেতন ও মসজিদের খরচের জন্য সাপ্তাহিক গচ্ছিত চাল) সংগ্রহের বিষয়ে শুক্রবার সকালে ব্যবসায়ীপাড়ার বাদশা মোল্যা ও আলম মোল্যার লোকজনের একত্রিত হয়ে আলোচনায় বসার কথা ছিল।

 

ভুক্তভোগীদের অভিযোগ, আলোচনার আগেই আলম মোল্যার লোকজন হঠাৎ করে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বাদশা মোল্যার পক্ষের অন্তত ১২ জন সমর্থক আহত হন।

 

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। হামলায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন