বাংলাদেশ, জেলার সংবাদ

নড়াইলে স্বর্ণকার ও রাজমিস্ত্রির আড়ালে ডাকাতি, ৬ সদস্য গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নড়াইলের নড়াগাতী থানার পাখিমারা গ্রামে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা কেউ স্বর্ণকার, কেউ রাজমিস্ত্রি, আবার কেউ মাটি কাটা শ্রমিক। এসব পেশার আড়ালে ছদ্মনাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল চক্রটি।

 

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা তিন দিন নড়াইল, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের পাঁচ সদস্য এবং লুণ্ঠিত মালামাল ক্রেতা একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী লুণ্ঠিত গলিত স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো- খুলনার তেরখাদা থানার রাজমিস্ত্রি জাকির মোল্লা ওরফে জেকের আলী (৪৮) ও শ্রমিক দীন ইসলাম মোল্লা (৪২), রূপসা থানার স্বর্ণকার সরজিৎ কর (৪৫), নড়াইলের নড়াগাতী থানার শ্রমিক জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪), কালিয়া থানার শ্রমিক পারভেজ মৃধা ওরফে দারোগা (৩৬) এবং রাজমিস্ত্রি মফিজ খাঁ (৩৮)।

 

জানা যায়, গত ৮ জুন রাত ২টার দিকে নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়ার সালাহউদ্দীন খানের ঘরে দেশি ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে ডাকাতরা। তারা সালাহউদ্দীন ও তার ছেলে আশিকুর রহমানকে গামছা দিয়ে বেঁধে হত্যার ভয় দেখিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। এরপর টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে তাদের ফেলে রেখে যায়। এ ঘটনায় সালাহউদ্দীন খান বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করার পর পুলিশ অভিযানে নামে।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ডাকাতদের নামে নড়াইল, যশোর, গোপালগঞ্জ, বাগেরহাট ও খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে জাকির মোল্লার বিরুদ্ধে দুটি ডাকাতি ও তিনটি চুরি, পারভেজ মৃধার বিরুদ্ধে তিনটি ডাকাতি ও একটি চুরি, জাকির হোসেনের বিরুদ্ধে তিনটি ডাকাতি ও একটি চুরি এবং মফিজ খাঁর বিরুদ্ধে দুটি ডাকাতি ও একটি চুরি মামলা রয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন