নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে (৩৩) ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় জেলাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রবিবার (২৯ মার্চ) দুপুর থেকে নড়াইল জেলার সকল তেল পাম্প বন্ধ ঘোষণা করেছে জেলা তেল পাম্প মালিক সমিতি। সংগঠনের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম হিটু নিশ্চিত করেছেন যে, জেলার মোট ১০টি পাম্প একদিনের জন্য এই বন্ধ কর্মসূচি পালন করবে।
গত শনিবার (২৮ মার্চ) রাত দুইটার দিকে নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। তেল না পাওয়াকে কেন্দ্র করে ম্যানেজারের সাথে তার বাকবিতণ্ডা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ১০ মিনিটের দিকে ডিউটি শেষ করে নাহিদ তার সহকর্মী জিহাদ মোল্যাকে (২৭) নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই মুহূর্তে ঘাতক ট্রাকচালক দ্রুতগতিতে তাদের ধাওয়া করে এবং পাম্পের অদূরে মহাসড়কের ওপর তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এই মর্মান্তিক ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন নাহিদ সরদার। গুরুতর আহত অবস্থায় তার সঙ্গী জিহাদকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে, ট্রাকচাপায় যার পা ভেঙে গেছে। নিহত নাহিদ ও ঘাতক চালক সুজাত একই গ্রাম পেড়লীর বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সুজাত পলাতক রয়েছেন এবং তার বাড়িতে তালা ঝুলছে।
প্রশাসনের পক্ষ থেকে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, অভিযুক্ত চালককে গ্রেপ্তারে কাজ করছে প্রশাসন এবং পাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী জানিয়েছেন, ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে, তবে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো মামলা দায়ের করা হয়নি।
ডিবিসি/টিবিএ