পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিষধর সাপের কামড়ে সালেহা (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার দর্জিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা ওই এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে গরু বাঁধতে গিয়েছিলেন সালেহা। এসময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। সালেহা তাৎক্ষণিকভাবে সাপটিকে সরিয়ে দিয়ে বাড়িতে ফিরে আসেন। স্বজনরা দ্রুত তার পা কাপড় দিয়ে বেঁধে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে এই মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসার সরঞ্জাম সংকটের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। নিহতের জামাতা নাজমুল ইসলাম অভিযোগ করেন, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের প্রয়োজনীয় অ্যান্টিভেনম মজুদ ছিল না। সেখান থেকে জেলা সদরে নিয়ে আসতে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় সালেহার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সঠিক সময়ে অ্যান্টিভেনম ও চিকিৎসা নিশ্চিত করা গেলে তাকে বাঁচানো সম্ভব হতো বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, রোগী যখন হাসপাতালে পৌঁছান তখন তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। তাকে প্রয়োজনীয় অ্যান্টিভেনম ও জরুরি চিকিৎসা প্রদান করা হলেও শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/টিবিএ