পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো- উপজেলার চেংঠী বালাপাড়া এলাকার রাশেদ হকের ছেলে রাজু ইসলাম (১০) এবং একই এলাকার হাসিনুর রহমানের ছেলে লাম্মিম হোসেন (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্বজনরা খুঁজতে বের হয়ে নদীর পাড়ে তাদের কোমরের বেল্ট ও গেঞ্জি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/আরএসএল