বাংলাদেশ, জেলার সংবাদ

পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নিশাত ইসলাম (১৬) নামের এক কলেজছাত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল আমলি আদালত-৫ এর বিচারক এ.এস.এম সাজ্জাদ হোসেন এ আদেশ দেন।

পুলিশ বিকেলে অভিযুক্ত শিক্ষার্থীকে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, শনিবার সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

 

গ্রেপ্তারকৃত নিশাত ইসলাম দেবীগঞ্জ উপজেলার সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র। অভিযোগ রয়েছে, সে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর একটি ভিডিও শেয়ার করে সেখানে কুরুচিপূর্ণ ক্যাপশন ব্যবহার করে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা তৈরি হলে শুক্রবার মধ্যরাতে তাকে আটক করে পুলিশ।

 

এ ঘটনার বিষয়ে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, প্রতিমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার জন্যই এই ধরনের মন্তব্য করা হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, রাতে স্থানীয় এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে নিশাতের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয় এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন