পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলিফ নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর ধনিপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলিফ ওই গ্রামের আবুল কাশেমের ছেলে এবং স্থানীয় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করার সময় সবার অগোচরে নিখোঁজ হয় আলিফ। দুপুর ২টার পর থেকে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় সন্ধান চালানোর পর বিকেল ৫টার দিকে আলিফের দাদা আব্দুল কুদ্দুস বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে পানি থেকে উদ্ধার করে বাড়িতে আনা হলে তার মৃত্যু নিশ্চিত হয়।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
ডিবিসি/পিআরএএন