পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রেমিকার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় স্বপন চন্দ্র নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা তরুণীও আহত হয়েছেন।
আজ রবিবার (০৯ আগস্ট) দুপুরে উপজেলার মাড়েয়া ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন উপজেলার বেংহারী ইউনিয়নের ধনীপাড়া গ্রামের উপেন চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে স্বপন তাঁর প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। ফুটকিবাড়ি এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতিতে থাকা মোটরসাইকেলটি সামনে থাকা একটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় স্বপন ও তাঁর সঙ্গে থাকা তরুণী সড়কে ছিটকে পড়ে আহত হন। স্বপন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে স্বজনরা তাঁকে রংপুরে নিয়ে যাওয়ার জন্য রওনা দেন। তবে পথেই স্বপনের মৃত্যু হয়। পরে স্বজনরা তাঁকে আবার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফা জানান, বিকেলে দুর্ঘটনায় আহত অবস্থায় স্বপন নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুতগতির মোটরসাইকেলটি একটি অটোরিকশার পেছনে ধাক্কা দিলে স্বপন নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক ও তাঁর সঙ্গে থাকা তরুণী সম্পর্কে প্রেমিক-প্রেমিকা ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।
ডিবিসি/এসভিএন