পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্তে এ ঘটনা ঘটে।
আটক দুই শিক্ষার্থী হলো- পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)। উদয় আটোয়ারী উপজেলার রশেয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এবং ইন্দ্র একই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে বড় বোনের বাড়িতে বেড়াতে আসে উদয় ও ইন্দ্র। বুধবার সকালে তারা বাড়ির পাশের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ঘুরতে যায়। সেখানে তারা নিজেদের ছবি তুলছিল। একপর্যায়ে সীমান্তের ৪১৭ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ভারতীয় অংশের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে মীরগঞ্জ নামক এলাকায় প্রবেশ করলে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের টহল দল তাদের আটক করে।
লাকি আক্তার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, "ছেলে দুটি সাইকেল নিয়ে এসে সীমান্ত এলাকায় ছবি তুলছিল। হঠাৎ বিএসএফ সদস্যরা এসে তাদের আটক করে। পরে আরও বিএসএফ সদস্য সেখানে জড়ো হয়ে তাদের মারধর করতে করতে নিয়ে যায়।"
আটক উদয়ের বোন সিতা রানী কান্নজড়িত কণ্ঠে বলেন, "আমার ভাই ও ভাতিজা ছোট মানুষ, তারা তো ওসব কিছু বোঝে না। শুধু ঘুরতে গিয়ে ভুল করে সীমান্ত পার হয়েছে। আমি তাদের দ্রুত ফেরত চাই।"
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিএসএফকে বিষয়টি জানানো হয়েছে। আটক দুই কিশোরকে ফিরিয়ে আনার বিষয়ে বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ডিবিসি/এসএফএল