পঞ্চগড়ের আটোয়ারীতে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রিফাত নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আটোয়ারী-পঞ্চগড় আঞ্চলিক সড়কের শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্কুল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু রিফাত উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে শিশুটি রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে পড়ে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শিশুটির মৃত্যু হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/টিবিএ