বাংলাদেশ, জেলার সংবাদ

পঞ্চগড়ে ইউএনওর ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড়ের দেবীগঞ্জে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ড ও লাইসেন্স চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে দেবীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ বাজার সংলগ্ন মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে তেল সরবরাহ কার্যক্রম পরিদর্শনে যান ইউএনও। সেখানে দীর্ঘ লাইনে অপেক্ষমাণ মোটরসাইকেল চালকদের ফুয়েল কার্ড, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স যাচাই শুরু করেন তিনি। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় দুই চালককে অর্থদণ্ড দেওয়া হলে লাইনে থাকা ৩০-৪০ জন চালক হট্টগোল শুরু করে। একপর্যায়ে তারা ইউএনও এবং সাথে থাকা আনসার সদস্যদের দিকে তেড়ে আসে এবং ধাওয়া করে।

 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও-কে পার্শ্ববর্তী একটি বাড়িতে সরিয়ে নেওয়া হয়। হামলার সময় আনসার সদস্য তৈয়বুর রহমানকে মারধর করে তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, মামলা রুজু হওয়ার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পাম্পে তেল বিক্রি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বর্তমানে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন