পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার দায়ে গ্রেপ্তার হওয়া কলেজছাত্র নিশাত ইসলাম (১৬) জামিনে মুক্তি পেয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে সাতটার দিকে পঞ্চগড় জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে সে পরিবারের কাছে ফিরে যায়। এর আগে বিকেলে শিশু আদালতের বিচারক হুসাইন মুহাম্মদ ফজলুল বারী তার জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত নিশাত জামিনে থাকবে। আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মিলন জামিন ও কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কারাগারে যাওয়ার বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি ওই শিক্ষার্থীর শিক্ষা জীবন ও ভবিষ্যতের কথা বিবেচনা করে তাকে ক্ষমা করে দেন। পরে প্রতিমন্ত্রীর নির্দেশে বাদী পক্ষ আদালতে জামিনের সুপারিশ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতে দেবীগঞ্জ উপজেলার হাজিপাড়া এলাকা থেকে নিশাতকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রতিমন্ত্রীর একটি ভিডিও শেয়ার করে কুরুচিপূর্ণ ক্যাপশন ব্যবহার করেছিল।
এই ঘটনায় দেবীগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছিল। ছেলের মুক্তি পেয়ে নিশাতের বাবা আশরাফুল ইসলাম প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার ছেলে না বুঝে ভুল করেছিল। কিন্তু প্রতিমন্ত্রী মহোদয় যে উদারতা ও মহত্ত্ব দেখিয়েছেন, তা আমরা সারাজীবন মনে রাখব।
ডিবিসি/আরএসএল