ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হওয়ার ঠিক একদিন পরই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে দেবীগঞ্জ উপজেলা থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৪ জুনের মধ্যে বাবুল চন্দ্র রায়কে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওইদিন অপরাহ্ন থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন। তবে এই প্রত্যাহারের পেছনে নির্দিষ্ট কোনো কারণের কথা উল্লেখ না করে প্রজ্ঞাপনে শুধুমাত্র ‘প্রশাসনিক কারণ’ দেখানো হয়েছে।
এর আগে, সোমবার বিভিন্ন গণমাধ্যমে বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ দাবি এবং তা গ্রহণের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪ মিনিট ৪৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, তিনি ক্যালকুলেটরে হিসাব করে একাধিক প্রকল্পের বিপরীতে কমিশনের পরিমাণ নির্ধারণ করছেন এবং এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন। ভিডিওটি প্রকাশের পরপরই বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই ঘটনার একদিন পর মন্ত্রণালয় তাকে প্রত্যাহারের এই সিদ্ধান্ত গ্রহণ করে।
ডিবিসি/আরএসএল