জেলার সংবাদ

পঞ্চগড়ে পরীক্ষার আগে শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেন শিক্ষক!

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরুর আগেই এক শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র পাঠানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত মহাদেব রায় ওই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। দশম শ্রেণির ইংরেজি প্রথম পত্রের একটি প্রশ্নের সঙ্গে শিক্ষার্থীর ফোনে পাঠানো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটের হুবহু মিল পাওয়া যাওয়ায় এই অভিযোগ সামনে এসেছে।

জানা যায়, বুধবার (১ জুলাই) সকালে পরীক্ষা চলাকালে প্রতিবেদকের হাতে আসা একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ও পরীক্ষার মূল প্রশ্নপত্র মিলিয়ে দেখা হয়। এতে ‘Mahadev Sir’ নামে সংরক্ষিত একটি অ্যাকাউন্ট থেকে পাঠানো ২ নম্বর প্রশ্নের পাঁচটি অংশের সঙ্গে মূল প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায়। সূত্র জানায়, প্রশ্নপত্রটি একবারে না পাঠিয়ে ধাপে ধাপে বিভিন্ন অংশে শিক্ষার্থীর কাছে পাঠানো হতো।

 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, দশম শ্রেণির ইংরেজি প্রথম পত্রের প্রশ্নটি প্রণয়ন করেছিলেন অভিযুক্ত সহকারী শিক্ষক মহাদেব রায়। বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, প্রশ্ন প্রণয়নকারী শিক্ষক নিজেই তা প্রিন্ট করে সিলগালা খামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে জমা দেন। পরে পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ে সেই খাম খোলা হয়। ফলে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র বাইরে যাওয়ার দায় সরাসরি প্রশ্ন প্রণয়নকারী শিক্ষকের ওপরই বর্তায় বলে বিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শিক্ষক মহাদেব রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ঘটনার বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম রুহুল আমিন বলেন, দশম শ্রেণির ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের বিষয়টি তাদের নজরে এসেছে। অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা জানান, বিষয়টি তারা জানতে পেরেছেন এবং বিদ্যালয় পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন