বাংলাদেশ, জেলার সংবাদ

পঞ্চগড়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড়ের দেবীগঞ্জে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দেবীগঞ্জ পৌর এলাকার পাটোয়ারী পাড়ার আজাদের স্ত্রী মমতা বেগম (৩৭) এবং তাঁর সাত বছর বয়সী মেয়ে মুনতাহা। এই ঘটনায় নিহত মমতার যমজ আরেক মেয়ে মুবাশ্বিরা গুরুতর আহত হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ থেকে যাত্রী নিয়ে নাদের পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। একই সময়ে মমতা বেগম তার যমজ দুই মেয়েকে নিয়ে উপজেলার সোনাহার ইউনিয়নে অবস্থিত বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজেদের বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মমতার ভাগ্নে মনিরুল ইসলাম। তাদের বহনকারী মোটরসাইকেলটি নতুনবন্দর আব্দুলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দ্রুতগতির বাসটি তাদের সজোরে ধাক্কা দেয়।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত শিশু মুবাশ্বিরা ও মোটরসাইকেল চালক মনিরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক বাসটিকে সোনাহার বাজার এলাকায় ধাওয়া করে আটকে ফেলে এবং পরে পুলিশের হাতে সোপর্দ করে।

 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক বাস ও এর চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং এই মর্মান্তিক ঘটনার বিষয়ে একটি আইনি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন