পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের পৃথক আক্রমণে সাতজন আহত হয়েছেন। আহতদের হাত, পা ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাতে সদর উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা, দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় এসব আক্রমণের ঘটনা ঘটে।
আহতরা হলেন সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮) ও মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়াপাড়া এলাকার জয়নাল (৩৫)।
আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে বিভিন্ন সড়কের পাশে অবস্থান ও গল্পগুজব করার সময় হঠাৎ শিয়ালগুলো বিচ্ছিন্নভাবে তাদের ওপর আক্রমণ করে। এতে কয়েকজনের হাত, পা ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়।
পরে আহতরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে চিকিৎসা নেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরে একাধিক ক্ষত থাকায় ক্ষতের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোখলেছুর রহমান বলেন, ‘শিয়ালের আক্রমণে আহত হয়ে সাতজন হাসপাতালে এসেছিলেন। তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।’
ডিবিসি/এমএনকে