জেলার সংবাদ

পঞ্চগড়ে সিম বিক্রির আড়ালে নগদ অ্যাকাউন্ট তৈরি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আটক ৩

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় সিম বিক্রির আড়ালে নগদ অ্যাকাউন্ট তৈরি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রবি ও এয়ারটেলের তিন ব্র্যান্ড প্রমোটারকে আটক করেছে স্থানীয়রা।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের বলেয়াপাড়া থেকে তাদের আটক করে বন্দরপাড়ায় নিয়ে আসা হয়। খবর পেয়ে পুলিশ ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আটককৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার বাসিন্দা আবু নাইয়ান নাহিদ ও রবিউল ইসলাম এবং পঞ্চগড়ের জালাসী এলাকার ওমর ফারুক বাবু।

 

স্থানীয়রা জানান, গত তিন দিন ধরে কামাতকাজলদিঘী ইউনিয়নের বন্দরপাড়াসহ বিভিন্ন এলাকায় ১০ টাকার বিনিময়ে সিম বিক্রির কথা বলে অন্তত পাঁচ শতাধিক মানুষের মূল জাতীয় পরিচয়পত্র ও ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গোপনে নগদ অ্যাকাউন্ট খুলে নেয় তারা। সিম নেওয়ার পরেই ভুক্তভোগীদের পূর্বের নগদ অ্যাকাউন্টগুলো আকস্মিক বন্ধ হয়ে যায়। পরে ব্র্যান্ড প্রমোটারদের ফোন করা হলে তারা পঞ্চগড়ে নেই বলে মিথ্যা দাবি করেন। পরবর্তীতে স্থানীয় তরুণরা আবারও সিম কেনার ফাঁদ পাতলে তারা বলেয়াপাড়া এলাকার লোকেশন জানায় এবং ভুক্তভোগীরা সেখান থেকে তাদের আটক করে।

 

ভুক্তভোগী রাজিয়া খাতুন জানান, ১০ টাকায় সিম দেওয়ার নাম করে এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তারা চলে যাওয়ার পরেই সবার নগদ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। অনেকের অ্যাকাউন্টে থাকা টাকাও তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আরেক ভুক্তভোগী শাহপরান জানান, তারা এলাকায় টাওয়ার স্থাপন করার কথা বলে ফিঙ্গারপ্রিন্ট ও মুখমণ্ডলের ছবি সংগ্রহ করেছিলেন।

 

অভিযুক্ত ব্র্যান্ড প্রমোটার আবু নাইয়ান নাহিদ স্বীকার করে বলেন, লোভে পড়ে এবং অফিসের চাপে তারা গ্রামে গ্রামে গিয়ে সিম বিক্রির আউতালে এই কাজ করেছেন। শাওন নামের এক ব্যক্তি তাদের এই কাজে বাধ্য করেছিলেন।

 

কামাতকাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান এটিকে নব্য অনলাইন প্রতারণা হিসেবে উল্লেখ করে বলেন, সিম বিক্রির আড়ালে নগদ অ্যাকাউন্ট খুলে তারা সহজ-সরল মানুষকে বড় ধরনের ঝুঁকিতে ফেলেছেন। এই চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন