বাংলাদেশ, জেলার সংবাদ

পঞ্চগড়ে স্কুলে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে প্রাণ গেল ছাত্রীর

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২৯শে এপ্রিল ২০২৬ ০৩:৪৯:৫২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে অনুপমা রায় (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে দেবীগঞ্জ পৌর এলাকার রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অনুপমা উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা বানিয়াপাড়া এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনুপমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় ৭-৮ কিলোমিটার। বুধবার সকালে সে প্রতিদিনের মতো নিজের বাইসাইকেলে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলে আসে। বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে সাইকেলটি গ্যারেজে রাখার পরপরই সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়। এ সময় শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। ঘটনার বিষয়ে রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, অনুপমা স্বাভাবিকভাবেই স্কুলে এসেছিল। কিন্তু সাইকেল রেখে নামার সময় সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

 

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, বিষয়টি শোনার পর স্কুল এবং হাসপাতালে গিয়ে খোঁজখবর নেয়া হয়েছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন