অগ্রহায়ণের শেষদিনে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। পঞ্চগড়ে টানা পাঁচদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, যা জনজীবনকে কিছুটা বিপর্যস্ত করে তুলেছে।
আজ সোমবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশার পরিমাণ কিছুটা কম থাকলেও শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে এবং জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশের জেলা ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। ভোরে কুয়াশার ঘনত্ব কম থাকায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও হিমেল হাওয়ায় শীতের অনুভূতি প্রবল।
তাপমাত্রার এই ওঠানামার কারণে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা সবাইকে উষ্ণ কাপড় ব্যবহার এবং ঠান্ডা বাতাস এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
ডিবিসি/ এইচএপি