জেলার সংবাদ

পঞ্চগড় আদালত চত্বরে বেঞ্চ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের বারান্দা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে আদালত ভবনের দ্বিতীয় তলার একটি বেঞ্চে শোয়া অবস্থায় তাকে মৃত দেখতে পান স্থানীয়রা।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘ সময় ধরে বারান্দার একটি বেঞ্চে নিথরভাবে শুয়ে ছিলেন। কোনো সাড়াশব্দ না পেয়ে উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা কাছে গিয়ে খোঁজ নেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে নেওয়ার আগেই আদালত ভবনেই তার মৃত্যু হয়েছে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত ভবন থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় মেলেনি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন