চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের পটিয়ার বাদামতল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মিনি বাস খাদে পড়ে উল্টে গেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৬টার দিকে মনসা বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে একটি মিনি বাস চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। বাদামতল এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে।
আহতদের মধ্যে পটিয়া সুচক্রদণ্ডী এলাকার খোরশেদ আলম (৫০), আনোয়ারা উপজেলার মোকাররম হোসেন (১৭) ও মো. হারুনুর রশিদ (৫৫)কে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জান্নাতুল ফেরদৌস (৩৬)সহ একই পরিবারের তিনজন বোয়ালখালীর বেঙ্গুরা এলাকায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলেও এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।
ডিবিসি/এসডব্লিউএন