পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে প্রবাসীর ছেলে নাইম (২২) আহত হয়েছেন। এছাড়া ডাকাতদের মারধরে আহত হয়েছেন প্রবাসীর স্ত্রী ও পুত্রবধূ।
শুক্রবার ভোররাত তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে মালয়েশিয়া প্রবাসী মাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রুমা বেগম (৪০) জানান, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটা থেকে তিনটার দিকে জানালার গ্রিল কেটে ৫-৬ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে।
তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে বেধড়ক মারধর শুরু করে এবং তার পুত্রবধূ রেজবিকে (১৮) ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছেলে নাইম বাধা দিলে ডাকাতরা তার পায়ে গুলি করে। পরে দুই বছরের শিশু তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায় তারা।
ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।