পটুয়াখালী পৌর শহরের একটি আবাসিক ফ্ল্যাট থেকে মো. বাদশা ফয়সাল (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের সবুজবাগ ১০ নম্বর লেনের একটি চারতলা ভবনের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের রুমমেট নিখোঁজ রয়েছেন।
নিহত ফয়সাল বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা। তিনি পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। এর পাশাপাশি তিনি পটুয়াখালীর বেসরকারি প্রতিষ্ঠান ‘সফট বাইট’-এর সবুজবাগ শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের সহকর্মীরা জানান, বুধবার সকাল থেকে ফয়সালের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে তারা তার বাসায় যান। সেখানে গিয়ে ফ্ল্যাটের ভেতরে খাটের পাশে মেঝেতে তাকে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এদিকে, ঘটনার পর থেকে ফয়সালের রুমমেট নাইমুল ইসলাম চয়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফয়সাল ও তার রুমমেটের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ লেনদেনে অনিয়মের অভিযোগ ছিল। বিষয়টি সমাধানে তারা কিস্তিতে ওই টাকা পরিশোধের আশ্বাসও দিয়েছিলেন। তবে হঠাৎ করেই দুজন আড়ালে চলে যান। এর মাঝেই ফয়সালের মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজেদুল ইসলাম সজল জানান, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সিআইডি ও পিবিআই ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া নিখোঁজ রুমমেটকে খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল