পটুয়াখালীতে পৃথক স্থানে বজ্রপাতে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এতে করে মানবিক বিপর্যয়ের পাশাপাশি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় খামারি ও কৃষক পরিবারগুলো। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে নিহত হন সৌরভ মজুমদার (২২)। এরপর দুপুর ১টার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান জহির উদ্দিন (২৮)। ঠিক একই সময়ে পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সেতারা বেগম (৫৫) এবং শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে খালেক হাওলাদার (৫৫) বজ্রপাতে প্রাণ হারান।
গত দুই দিনে কলাপাড়া, রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৫০টির বেশি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা কৃষক ও খামারিদের নিঃস্ব করে দিয়েছে। এ বিষয়ে কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ জানান, মঙ্গলবার পর্যন্ত উপজেলার প্রায় ২৯টি গরুর মৃত্যুর তথ্য তারা পেয়েছেন এবং বুধবারের তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, নিহতদের পরিবারের খোঁজখবর নিতে ইতোমধ্যে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। অন্যদিকে, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, তার উপজেলায় তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরবর্তী সহায়তার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।
ডিবিসি/আরএসএল